জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৫:১৯
জ্বালানি তেল বিক্রিতে রেশনিংসহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
রোববার (১৫ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সম্ভাব্য সংকট মোকাবেলায় সরকার আগে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল। তবে ইতোমধ্যে আমদানিকৃত কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এ অবস্থায় জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকেই দেশের সব বিতরণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল। সে সময় মোটরসাইকেলে ২ লিটার, এসইউভি ও মাইক্রোবাসে দিনে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ বা স্থানীয় বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাকে দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
পরে রাইডশেয়ারিং চালকদের জন্য মোটরসাইকেলে তেল বিক্রির সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। একই সঙ্গে ২৫ শতাংশ রেশনিং কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।