রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মেঘনার ভাঙন রোধে ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে: পানিসম্পদ মন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৫:৫৭

ছবি: সংগৃহীত

মেঘনা নদীর ভাঙন রোধে প্রায় ৬২ কিলোমিটার এলাকায় তীররক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, নদীভাঙনে বহু মানুষ বাড়িঘর ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এ সমস্যা সমাধানে মজুচৌধুরীরহাট থেকে কমলনগর-রামগতি বয়ারচর পর্যন্ত দীর্ঘ এলাকায় বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে রামগতি উপজেলা–র আলেকজান্ডার ইউনিয়ন–এর আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীররক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষকে প্রকৃতির সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে হয়। বর্ষা মৌসুমে প্লাবন ও বন্যার স্রোতে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর-রামগতি বয়ারচর পর্যন্ত অনেক জায়গায় বাঁধ না থাকায় অসংখ্য মানুষ বাড়িঘর হারিয়েছে। অনেকের জমিজমা নদীগর্ভে বিলীন হয়েছে এবং পানিতে ডুবে উৎপাদিত ফসল নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে তারেক রহমান–এর নেতৃত্বে দেশপ্রেমিক সরকার দায়িত্বে এসেছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে কাজ করা হচ্ছে। নদীর তীররক্ষা বাঁধের কাজের অগ্রগতি ও মান নিশ্চিত করতে পানিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত নজরদারি থাকবে।

মন্ত্রী বলেন, অতীতে দায়িত্বে থাকা কিছু ব্যক্তি দেশের অর্থ লুটপাট ও পাচারের সঙ্গে জড়িত ছিলেন। এসব বিষয় এখন তদন্তাধীন রয়েছে। যেসব প্রকল্পে অনিয়ম হয়েছে বা কাজ সঠিকভাবে হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চলমান কাজগুলো দ্রুত শেষ করা প্রয়োজন এবং সরকার দুর্নীতিমুক্তভাবে উন্নয়ন কাজ সম্পন্ন করতে চায়। কাজের মান ঠিক আছে কি না সে বিষয়ে সার্বক্ষণিক নজর রাখা হবে।

এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্যা এবং নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top