মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

পয়লা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৮:৫৯

সংগৃহীত

আগামী পয়লা বৈশাখ থেকে দেশের কৃষকদের জন্য নতুন উদ্দ্যোগ হিসেবে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে টাঙ্গাইলের সদর উপজেলার কৃষকদের মাঝে এই কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় প্রথম ধাপে শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফার্মস কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বৈঠকে বলা হয়েছে, পয়লা বৈশাখে টাঙ্গাইল সদরসহ মোট ১১ উপজেলায় একযোগে কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

কৃষক কার্ডটি মূলত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের জন্য। এটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে এবং বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা হিসেবে প্রদান করা হবে। কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশক ও পশু খাদ্য কিনতে পারবেন। এই প্রণোদনা ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির কৃষকদের জন্য বিশেষভাবে রাখা হয়েছে।

বৈঠকে মো. আমিনুর রশীদ, মীর শাহে আলম, সুলতান সালাহ উদ্দিন টুকু, রাশেদ আল মাহমুদ তিতুমীর, রেহান আসিফ আসাদ ও অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ের ১১ উপজেলা হলো—টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড় ভোদা, বগুড়া শিবগঞ্জ, ঝিনাইদহ শৈলকুপা, পিরোজপুর নেছারাবাদ, কক্সবাজার টেকনাফ, কুমিল্লা আর্দশ সদর, জামালপুর ইসলামপুর, রাজবাড়ী গোয়ালন্দ এবং মৌলভীবাজার জুড়ী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি এই উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছিল, যাতে দেশের কৃষকরা সরাসরি আর্থিক ও কৃষি উপকরণের সহায়তা পেতে পারেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top