যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৮:৫৮
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে প্রস্তাবিত যুদ্ধবিরতি নাকচ করেছেন ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানে পাঠানো এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতার প্রথম বৈদেশিক নীতিবিষয়ক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রশ্নে তার অবস্থান ছিল অত্যন্ত কঠোর।
তিনি আরও বলেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয় স্বীকার করে এবং ক্ষতিপূরণ দেয়, ততক্ষণ কোনো ধরনের শান্তি আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন খামেনি।
এদিকে, উত্তেজনার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভ্রান্তিকর তথ্যও সামনে আসছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলে কাৎজ দাবি করেছেন, ইরায়েলি হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন। তবে এই দাবি প্রত্যাখ্যান করে ইরানি গণমাধ্যম জানিয়েছে, তিনি জীবিত আছেন এবং শিগগিরই প্রকাশ্যে আসবেন।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা এক হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বাসিজ বাহিনীর প্রধান গোলাম সোলেইমানি-সহ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে। সোমবার (১৬ মার্চ) রাতে চালানো ওই হামলায় একটি অস্থায়ী ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করা হয়েছে।
তবে এসব ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।