শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৬:২৫
দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সোমবার বিকেলে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
জানা গেছে, স্কুল স্তরে দীর্ঘদিন ধরে চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত জানানো হতে পারে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিকেল চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকর্মীদের এই সংবাদ সম্মেলন কাভার করার অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছে। এ কারণে স্কুলে ভর্তি পরীক্ষার ব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। আজকের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত রূপরেখা ঘোষণা করা হতে পারে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিনটি প্রধান বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্য থাকা শীর্ষ প্রশাসনিক পদে নতুন উপাচার্য নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। বিষয়টি আজ আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
এর আগে সকালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।