ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়কে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১০:০৮
ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সব মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের অপরাধ দমনে বিশেষ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে সরকারের অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি জানান, দেশে বিদ্যমান ও পূর্বের ধর্ষণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সব মন্ত্রণালয়কে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
তিনি বলেন, সমাজ থেকে এ ধরনের অপরাধ নির্মূল এবং দ্রুত ব্যবস্থা নিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। যেখান পর্যন্ত যাওয়া দরকার, সেখান পর্যন্ত সরকার যাবে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিভিন্ন মামলায় একাধিক সংস্থা জড়িত থাকায় তাদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং আইনি প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া ধর্ষণ ও নারী নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিটি জেলায় বিশেষ আদালতের কার্যক্রম আরও সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন ঈদের সময়ও সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।