সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৮:৪৪

সংগৃহীত

আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, খাল খননের মাধ্যমে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বন্যার ক্ষতি কমাতে সহায়ক হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর মৌজার সাহাপাড়ায় খাল খনন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উজান থেকে নেমে আসা পানির কারণে প্রায়ই নদীর পাশের মানুষ, পশু ও ঘরবাড়ির ক্ষতি হয়। খাল খনন করলে বর্ষার অতিরিক্ত পানি ধরে রাখা যাবে এবং শুষ্ক মৌসুমে সেই পানি কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে। এতে কৃষকদের সেচ সুবিধা বাড়বে এবং কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা বিদেশ থেকে আমদানি করে পূরণ করা সম্ভব নয়। তাই কৃষির ওপর গুরুত্ব বাড়াতে হবে এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। মাটির নিচের পানি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করারও আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, খাল ও নদীগুলো দীর্ঘদিন খনন না হওয়ায় অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমেও অনেক এলাকায় পানির অভাব দেখা দেয়। এই সমস্যা সমাধানে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি জানান, সরকার সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, আগামী মাস থেকে ক্ষুদ্র, প্রান্তিক ও মধ্যম কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। এতে কৃষকরা বিভিন্ন সরকারি সুবিধা সহজে পাবেন।

প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চল কৃষিপ্রধান এলাকা হওয়ায় সেখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে কৃষকদের সন্তানদের কর্মসংস্থান সৃষ্টি হয়।

সভায় জানানো হয়, সাহাপাড়া খালটি ১২ কিলোমিটার খনন সম্পন্ন হলে প্রায় ৩১ হাজার কৃষক উপকৃত হবেন। এ খাল থেকে পানি নিয়ে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া যাবে এবং প্রায় সাড়ে ৩ লাখ মানুষ এর সুবিধা পাবেন। খালটির দুপাশে রাস্তা নির্মাণ এবং ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top