সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিশ্বনেতাদের অংশগ্রহণের আহ্বান নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০১:৫০

সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি মনে করেন, এই যুদ্ধ শুধু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের স্বার্থে নয়—বরং বৈশ্বিক নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত।

রোববার দক্ষিণ ইসরায়েলের একটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, ইরানের সামরিক তৎপরতা এখন আন্তর্জাতিক পরিসরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি বন্ধের হুমকি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান বিশ্ব জ্বালানি সরবরাহ ও বেসামরিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে বলে দাবি করেন তিনি।

নেতানিয়াহু আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বনেতাদের এই অভিযানে যুক্ত হওয়া প্রয়োজন। তার দাবি, ইতোমধ্যে কিছু দেশ এই উদ্যোগে আগ্রহ দেখাতে শুরু করেছে, তবে আরও শক্ত অবস্থান নেওয়া জরুরি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে যৌথভাবে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই অভিযানের প্রায় এক মাস পর নেতানিয়াহুর এই বক্তব্য সামনে এলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রকে ‘আদর্শ মিত্র’ হিসেবে বর্ণনা করেন নেতানিয়াহু। একই সঙ্গে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে এনেছে—এমন অভিযোগও নাকচ করেন তিনি।

তিনি আরও জানান, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে এর আগে বহু বিশ্বনেতা ব্যক্তিগতভাবে সমর্থন জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top