বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে প্রকাশিত ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করে যে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে, তার প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন।
এদিকে বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যেই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। শনিবার রাতে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে তার নামে যেসব তথ্য প্রকাশিত হয়েছে সেগুলো সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।
তিনি আরও বলেন, “আমি স্পষ্ট করে জানাতে চাই, আমার অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক করা হয়েছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে।”
উল্লেখ্য, নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে জামায়াত আমিরের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি জানানো হলে নতুন করে আলোচনা তৈরি হয়।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।