আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: টুকু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৫৯
সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “আপনারা আমার হাত শক্ত করলে তারেক রহমানের হাত শক্ত হবে। তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন।”
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বক্তব্যে টুকু জামায়াতকে কটাক্ষ করে বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মেয়েদের বাইরে যাওয়া মানে ধীরে ধীরে তাদের বেশ্যাবৃত্তির দিকে ঠেলে দেওয়া।’ যারা নারীদের সম্পর্কে এমন মানসিকতা পোষণ করে, তাদের ভোট দেওয়া যায় কি না—সে প্রশ্ন রাখেন তিনি।
তিনি বলেন, “আজ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে স্বামী-স্ত্রী দুজনই রোজগার না করলে সন্তানদের মুখে ভাত তুলে দেওয়া সম্ভব নয়। আমি নিজে দেখি, রাস্তায় মেয়েরা মাটি কাটার কাজ করছে। অথচ তারা সেই নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়।” এ সময় তিনি নারী ভোটারদের উদ্দেশে বলেন, “ভোটটা আপনাদের হাতেই আছে। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। দয়া করে জামায়াতকে ভোট দেবেন না।”
বিএনপির আন্দোলনের কথা তুলে ধরে টুকু বলেন, “আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি নেতাকর্মীরা ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন করেছে। আমরা জেল-জুলুম, নির্যাতন—সবই সহ্য করেছি।” তিনি আরও বলেন, দলের নেত্রী জেল-জুলুম সহ্য করেও কখনো মাথা নত করেননি এবং তার জানাজায় মানুষের ঢল ছিল নজিরবিহীন।
পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।