এআই প্রযুক্তি দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তের পরিকল্পনা ভারতের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০১
ভারতের মহারাষ্ট্র সরকার বেআইনি বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করার নতুন পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফডনবীশ জানিয়েছেন, মুম্বাই প্রশাসনের পক্ষ থেকে এ আই টুলটি আইআইটি মুম্বাইয়ের সঙ্গে যৌথভাবে তৈরি করা হচ্ছে।
এ আই টুলকে প্রশিক্ষণ দেওয়া হবে একজন বাংলাদেশি বা রোহিঙ্গার চেহারা, পোশাক, কথাবার্তা এবং অন্যান্য বৈশিষ্ট্য চিনতে। তবে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, একই ধরনের পোশাক বা ভাষার ব্যবহার ভারতের স্থানীয় বাঙালি মুসলমানদেরও থাকতে পারে। ফলে প্রযুক্তি ব্যবহার করেও সঠিকভাবে বেআইনি অনুপ্রবেশকারী শনাক্ত করা প্রায় অসম্ভব।
মহারাষ্ট্রের এ পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে, এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পক্ষপাতমূলক হতে পারে। কংগ্রেস নেতা ও অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে ইতিমধ্যে অনুষ্ঠিত বিশেষ ভোটার যাচাই বা এসআইআর প্রক্রিয়ায় কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা ধরা পড়েছে, তার হিসাব দেওয়া উচিত।
এছাড়া গত কয়েক মাসে নাগরিকত্ব শনাক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গ ও আসামের বাংলা ভাষী মুসলমানদেরও বেআইনিভাবে আটক ও বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ আই টুলের মাধ্যমে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে গেলে ভুল শনাক্তকরণের সম্ভাবনা রয়েছে, যার ফলে সাধারণ ভারতীয় নাগরিকও ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত হতে পারেন।
আইআইটি মুম্বাই ও মহারাষ্ট্র প্রশাসন এই প্রযুক্তির নির্ভুলতা ৬০ শতাংশ দাবি করেছে এবং চার মাসের মধ্যে শতভাগ নির্ভুলতার লক্ষ্য ধরা হয়েছে। তবে বাস্তবিকভাবে রাজনৈতিক ও সামাজিক জটিলতার কারণে তা অর্জন করা কঠিন বলেই বিশেষজ্ঞরা মন্তব্য করছেন।
সূত্র: বিবিসি, এনডিটিভি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।