নির্বাচনী প্রচারণায় বৃহস্পতিবার নওগাঁয় যাচ্ছেন জামায়াত আমির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬
সারাদেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁ সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। এদিন বেলা ১১টায় শহরের এ টিম মাঠে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাঠ পরিদর্শন শেষে জেলা জামায়াতের সেক্রেটারি এবং নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম জানান, আমিরের আগমনের সঙ্গে ১১ দলীয় নির্বাচনী জোটের শীর্ষ নেতারাও নওগাঁয় উপস্থিত থাকবেন।
অ্যাডভোকেট সায়েম বলেন, “মাঠ পরিদর্শন করেছি, প্রস্তুতি চলছে। শুধু নওগাঁ নয়, সারাদেশের মানুষ পরিবর্তনের আশা করছে। ৫ ফেব্রুয়ারি নওগাঁ শহর দাঁড়িপাল্লার শহরের রূপ ধারণ করবে এবং একটি সফল সমাবেশ অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, জনসভায় মানুষের সামনে আগামীর বাংলাদেশ কেমন হবে, কোন ধরনের মাতৃভূমি চাই তা তুলে ধরবেন আমির। নওগাঁর ১১টি উপজেলার মানুষ অংশগ্রহণ করবেন, এবং আমরা আশা করছি ৫-৬ লাখ মানুষের সমাগম ঘটবে। তিনি বলেন, “দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন শেয়ার করা হবে।”
এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন, সদর উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, অফিস সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বাহারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।