বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিএনপি ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ চালাচ্ছে: গোলাম পরওয়ার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৮

ছবি: সংগৃহীত

সব দিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপির পক্ষ থেকে জামায়াতকে নিয়ে যেসব সাইবার আক্রমণ করা হচ্ছে, তা শুধু ব্যর্থতারই প্রতিফলন। একবার জামায়াতকে সুযোগ দিন, আমরা নিশ্চিত করছি যে জামায়াত সরকার গঠন করলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে।”

তিনি আরও দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে, দলের কোন সংসদ সদস্যও বিশেষ সুবিধা নিতে পারবেন না, যেমন- স্বল্পমূল্যে প্লট বা বাড়ি কেনা, ট্যাক্সমুক্ত গাড়ি ব্যবহার ইত্যাদি।

রাষ্ট্র পরিচালনার ব্যাপারে মিয়া গোলাম পরওয়ার বলেন, "আমরা রাষ্ট্রের সব সেবা খাতকে দুর্নীতিমুক্ত করব। জনগণ আর কোনোরকম ঘুষ ছাড়াই ভূমি অফিস কিংবা থানায় সেবা পাবে।"

এছাড়া শিক্ষা ব্যবস্থার ব্যাপারে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে নীতি-নৈতিকতার সমন্বয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে আগামী প্রজন্ম উন্নত ও জ্ঞানভিত্তিক সমাজে বেড়ে উঠতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top