তারেক রহমানকে বিটিভিতে ভাষণের সুযোগ দিতে ইসির নির্দেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৯
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিটিভির মহাপরিচালকের কাছে চিঠি পাঠান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। চিঠিতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এতে সহায়ক হবে।
ইসির নির্দেশনা অনুযায়ী, বিটিভিতে দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য নির্ধারিত স্লট বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা, ২০২৫ অনুসরণ করতে হবে। লিখিত আবেদন প্রাপ্তির সময়ের ক্রমানুসারে স্লট নির্ধারণ এবং প্রচারণার সময় ও তারিখ সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে বিটিভি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিটিভিতে প্রচারণার জন্য আবেদন না পাওয়ায়, বিএনপির দলীয় প্রধান তারেক রহমানকে তার চাহিদা অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনের জন্য প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।