বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

জয় পেলে ফরিদপুর বিভাগ করা হবে: তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৩

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ফরিদপুরকে একটি পূর্ণাঙ্গ বিভাগে উন্নীত করার দাবি পূরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন তিনি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

বক্তৃতায় তিনি বলেন, ফরিদপুরবাসীর দীর্ঘদিনের দাবি বিভাগ বাস্তবায়নে বিএনপি সরকার আন্তরিকভাবে কাজ করবে। পাশাপাশি ফরিদপুর অঞ্চলের অন্যতম বড় সমস্যা নদীভাঙন উল্লেখ করে ক্ষমতায় গেলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। পানির সংকট নিরসনে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান।

কৃষকদের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়েও কথা বলেন তারেক রহমান। তিনি জানান, বিএনপি ঘোষিত ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকদের সরাসরি সহযোগিতা করা হবে এবং উৎপাদন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

জনসভায় জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান অভিযোগ করেন, জনগণের ভোটাধিকারকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, এরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, কিন্তু জনগণের প্রতি তাদের কোনো আস্থা বা বিশ্বাস নেই। মেয়েদের নিয়ে তাদের নেতাদের অশালীন মন্তব্যের উদাহরণ টেনে তিনি বলেন, এ ধরনের শক্তির কাছ থেকে দেশের মানুষের ভালো কিছু পাওয়ার আশা করা যায় না। একাত্তরে তাদের ভূমিকা মানুষ ভুলে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

প্রশ্ন তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, যারা মুখে এক কথা বলে আর কাজে আরেকটা করে, যারা নিজের দেশের মা-বোনদের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা কীভাবে সুশাসন দেবে? যারা অনৈতিকভাবে রাজনীতি শুরু করেছে, তারা সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করতে পারে না।

তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top