বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপি প্রধান তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩৬

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রধান তারেক রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় এ গণমাধ্যমে তিনি নির্বাচনি ভাষণ দেবেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সমমুখী নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভিতে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি করা এই পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। সে লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য নির্বাচনি প্রচারের স্লট বরাদ্দে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি ৬(গ) অনুসরণ করে আবেদনের ক্রমানুসারে প্রচারণার স্লট নির্ধারণ করতে হবে। ভাষণের সময়কাল এবং রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে।

ইসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল বিটিভিতে প্রচারণার জন্য আবেদন করেনি। বিএনপি আবেদন করায় দলটির প্রধান তারেক রহমানকে আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরবর্তীতে অন্য কোনো দল আবেদন করলে তাদেরও পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top