জামায়াত অনেক কথা বলছে, তাদের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা কী ছিল: মির্জা ফখরুল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত অনলাইনে ও টেলিভিশনে অনেক কথা বলছে, কিন্তু তারা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে কী ভূমিকা পালন করেছিল, তা জনগণের কাছে জানতে চাওয়ার সময় এসেছে। তিনি বলেন, “জামায়াত ৭১ সালে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করে আমাদের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছিল, এ কথা ভুলবেন না।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, “আমরা যেমন ২৪ জুলাই যুদ্ধকে ভুলিনি, তেমনি ১৯৭১ সালকেও ভুলব না। কারণ আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম।”
নির্বাচনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ। ১৫ বছর পর আমরা সুষ্ঠু নির্বাচন করতে যাচ্ছি, আমরা নিশ্চিত যে এবারে জালিয়াতি বা জবরদস্তির কোনো সম্ভাবনা নেই।” তিনি জানান, ২০১৮ সালের নির্বাচনে ভোটের আগেই ফলাফল ঘোষণা হয়েছিল এবং ২০২৪ সালের নির্বাচনে দলের নেতারা জেলে ছিলেন, তাই সেগুলো সঠিকভাবে হয়নি।
তিনি আরও বলেন, “বর্তমান সরকার চায় সুষ্ঠু ভোট হোক, যাতে জনগণ তাদের ইচ্ছেমতো প্রতিনিধি নির্বাচন করতে পারে। সেনাবাহিনী, জনগণ এবং রাজনৈতিক দলগুলো সবাই নিরপেক্ষ নির্বাচন চায়। এবার খুবই সুন্দর একটি নির্বাচন হবে, যেখানে সুষ্ঠু সরকার গঠন হবে।”
এ সময় মির্জা ফখরুল দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতির কথাও উল্লেখ করেন, তিনি বলেন, “নতুন সরকার গঠন হলে কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার, তেল, সেচ এবং উৎপাদিত পণ্যের দাম নিশ্চিত করা হবে। পাশাপাশি সুশাসন, ন্যায় বিচার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা হবে।”
পথসভায় বিএনপির সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।