জামায়াত আমিরের ক্ষমতার বলি বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার: ছাত্রদলের সভাপতি রাকিব
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৬
‘জামায়াত আমিরের ক্ষমতার বলি’ হিসেবে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে—এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ওই সহকারী প্রোগ্রামারকে তাঁর বাসা থেকে আটক করা হয়। আটক হওয়ার প্রায় ৩৫ ঘণ্টা পার হলেও বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি।
ছাত্রদল সভাপতি দাবি করেন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখা আইনবিরোধী। এ ক্ষেত্রে ওই নিম্নপদস্থ চাকরিজীবীকে বেআইনিভাবে আটক রেখে হয়রানি করা হচ্ছে, যা ক্ষমতার স্পষ্ট অপব্যবহার।
তিনি আরও বলেন, অনতিবিলম্বে আটক ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের সামনে উপস্থাপন করা উচিত। যেহেতু তাকে আইনবহির্ভূতভাবে আটক রাখা হয়েছে, তাই আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেটের উচিত তাকে জামিনে মুক্তি দেওয়া।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।