শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৯

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে এবং ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, দেশের জন্য একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করবেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, জাকসুর ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা বিএনপি ও এর ছাত্রসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তিনি নবাগতদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে তাদের ভূমিকার আশা প্রকাশ করেন।

জিতুর বিএনপিতে যোগদানের পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন নেতা ছাত্রদলে যোগ দেন। তাদের মধ্যে রয়েছেন শহীদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু এবং এ এফ এম কামালউদ্দিন হলের এজিএস রিপন মণ্ডল। তারা অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়।

এছাড়াও ছাত্রদলে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন— নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, এ এফ এম কামালউদ্দিন হলের ভিপি জি এম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।

আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। জুলাই আন্দোলনের শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আয়োজিত আন্দোলনগুলোতেও সামনের সারিতে ভূমিকা রাখেন। সেই আন্দোলনের মাধ্যমেই জাবি ক্যাম্পাসে তার পরিচিতি ও জনপ্রিয়তা বৃদ্ধি পায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top