শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়ে যমুনা এলাকা থেকে আন্দোলনকারীদের সরাল পুলিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১১

ছবি: সংগৃহীত

নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ‘ভুখা মিছিল’ নিয়ে রাজধানীর যমুনা এলাকার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের পুলিশ সরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে কর্মসূচি শুরু করেন। সেখান থেকে মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে গিয়ে অবস্থান নেন। প্রায় ১০ মিনিট সেখানে অবস্থান করার পর পুলিশ তাদের সরে যেতে বাধ্য করে।

মিছিলটি শাহবাগ এলাকায় পৌঁছালে প্রথম দফায় জলকামান নিক্ষেপ করা হয়। এরপর পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন। পরে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে বসেন তারা। সেখান থেকেই পুলিশ হস্তক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।

‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। আন্দোলনকারীদের মূল দাবি হলো নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং তা ১ জানুয়ারি থেকে কার্যকর করা।

এর আগে দাবি আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারীরা টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। বৃহস্পতিবার তারা চার ঘণ্টার কর্মবিরতি পালন করেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করা হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top