বাংলাদেশই বিএনপির প্রতিটি নেতাকর্মীর প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩১
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বলেছেন, সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশ ছাড়া তার আর কোনও ঠিকানা নেই। “বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে, বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা,” তিনি বলেন।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশ পুনর্গঠনেরও নির্বাচন। তিনি উল্লেখ করেন, নারীদের সম্পৃক্ত না করলে দেশ এগোবে না। খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন, এবার বিএনপি নারীদের স্বাবলম্বী করতে চাইছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে ঋণ সুবিধা, কৃষক সহায়তা ও বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।
তিনি আরও বলেন, “এলাকা কৃষিনির্ভর। কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কৃষিনির্ভর শিল্প বিকশিত করব, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। যুবকদের দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলব।”
জনসাধারণের দাবি অনুযায়ী, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল ও তাঁত শিল্প গড়ে তোলা হবে। এছাড়া ক্যাডেট কলেজ, হিমাগার, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি। তারেক রহমান বলেন, “নির্বাচনী জনসভায় এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বললে জনগণের লাভ হয় না। জনগণ জানতে চায় আমরা তাদের জন্য কী করব।”
তিনি অতীত স্মরণ করে বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থান দেশকে রক্ষা করেছে। ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে আমরা একত্রিত হয়ে দেশ গড়ব।” বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।