জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘হারাম’: হেফাজত আমির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৩
মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’—এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তার ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে আল্লামা বাবুনগরী বলেন, “সমস্ত মুসলমানদের বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।”
এ সময় সারোয়ার আলমগীরকে ইঙ্গিত করে হেফাজতে ইসলামের আমির বলেন, “আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না। এটি জিহাদ।”
তিনি আরও দাবি করেন, “জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে, ইমানের গোড়া কেটে যাবে।” বক্তব্যে জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীকে নিয়ে কড়া ও বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। সাম্প্রতিক এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।