শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৬

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন পর ঠাকুরগাঁওয়ে আসার অনুভূতি প্রকাশ করে তারেক রহমান বলেন, একসময় প্রতি বছর শীত মৌসুমে তিনি এ অঞ্চলে এসে শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করতেন। স্বৈরাচার সরকারের কারণে দীর্ঘদিন এখানে আসা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নারীদের উন্নয়নে দলের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এখন সময় এসেছে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার। এ লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে নারীরা ধাপে ধাপে স্বনির্ভর হয়ে উঠবেন। বিএনপিকে ভোট দিলে নারীরা নিরাপদ পরিবেশে জীবনযাপন ও কর্মসংস্থান নিশ্চিত করতে পারবেন বলেও তিনি দাবি করেন।

কৃষকদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, প্রত্যেক কৃষককে একটি করে কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে তারা সহজে ঋণ, সারসহ সরকারি বিভিন্ন সুবিধা পাবেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে সব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ক্ষুদ্র ঋণ পরিশোধে সরকার উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলকে কৃষিপ্রধান এলাকা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষিকে এগিয়ে নিতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পঞ্চগড়ের বন্ধ চিনিকল পুনরায় চালু করা হবে এবং কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ করা হবে। এছাড়া তরুণদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান।

রাজনৈতিক সম্প্রীতির আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কাদা ছোড়াছুড়ির রাজনীতি নয়, বিএনপি উন্নয়নের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেশ গঠনে জনগণের সহযোগিতা কামনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি জনগণের পাশে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে জেলা ও উপজেলার বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top