তারেক রহমানের অঙ্গীকার: বিএনপি ক্ষমতায় এলে ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ বাস্তবায়ন করবে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৩০
ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, জুলাই সনদের অনেক বিষয়ই বিএনপির ৩১ দফার অন্তর্ভুক্ত। এর মধ্যে ‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ এই প্রস্তাবটি অন্যতম। তিনি জানান, এই প্রস্তাবটি বহু আগেই বিএনপি উত্থাপন করেছে।
আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে জুলাই সনদ ও ৩১ দফা বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, “আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বেশ কিছু সংস্কার প্রয়োজন। সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে, তার অনেক কিছুই আমরা বহু বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছি।”
তারেক রহমান ব্যাখ্যা করেন, “৩১ দফা বা জুলাই সনদের বাস্তবায়ন আমাদের প্রথম অগ্রাধিকার। যদিও যখন আমরা ৩১ দফা বা ২০৩০ ভিশন উপস্থাপন করেছি, তখন জুলাই সনদের বিষয়টি ছিল না। দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা এটি সামনে নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য গণতন্ত্র ও জাতির ভিত্তি শক্তিশালী করা।”
ইশতেহারের সাংবিধানিক সংস্কারের অংশ নিয়ে তিনি বলেন, “‘১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয়’ এই প্রস্তাবটি প্রথম বিএনপিই দিয়েছে। আমাদের ৩১ দফার মাধ্যমে আমরা অনেক আগেই জাতির সামনে উপস্থাপন করেছি যে, একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছর দায়িত্বে থাকবেন। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত সংস্কার কমিশনে অন্যান্য দলও বিষয়টি আলোচনা করেছে।”
তারেক রহমান আশ্বস্ত করেন, “বিএনপি সরকার গঠন করলে অবশ্যই বিষয়টি আইনের মধ্যে প্রবর্তন করবে যাতে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।