ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতেই ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে তিনি নির্বাচনী ব্যয় বহনে অক্ষমতার কথা উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না জানান, বিশেষ একটি পরিস্থিতির কারণে তিনি ঢাকা-১৮ এবং বগুড়া-২—এই দুই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ আসনটি অত্যন্ত বড় একটি নির্বাচনী এলাকা হওয়ায় সেখানে নির্বাচন পরিচালনা করা তার পক্ষে কঠিন হয়ে পড়ে।
তিনি লেখেন, ঢাকা-১৮ আসনে সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছেন। নির্বাচন পরিচালনার ব্যয় এতটাই বেশি যে তা নির্বাহ করা তার পক্ষে সম্ভব নয়। এ বাস্তবতায় তিনি ঢাকা-১৮ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সিদ্ধান্তে কারও মন কষ্ট পেতে পারে উল্লেখ করে তিনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।