সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করে ‘জনসেবক বাহিনী’ করা হবে:নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৪২

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, পুলিশ বাহিনী পুনর্গঠন করে নতুন নামের অধীনে ‘জনসেবক বাহিনী’ বা অন্য কোনো নামের আওতায় নিয়ে আসা হবে। পাশাপাশি কেন্দ্রীয় কাঠামো ভেঙে স্থানীয় পর্যায়ে বাহিনী পুনর্গঠন করা হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণ দেন নাহিদ ইসলাম। তিনি জানান, উপজেলা পর্যায় থেকে নিয়োগ ও পদায়ন করা হবে এবং নারী-পুরুষ সমান সংখ্যক নিয়োগ পাবেন। এছাড়া ১৮-ঊর্ধ্ব যুবকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের মাধ্যমে গণপ্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার কথাও ঘোষণা করেন তিনি।

ভাষণে নাহিদ ইসলাম বিগত ৫৫ বছরের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে ‘বৈষম্যের কাঠামো’ আখ্যা দিয়ে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে ঐতিহাসিক গণবিদ্রোহ উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকার পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা ও বিচার বিভাগ ব্যবহার করে দমন-পীড়ন চালিয়েছে। এনসিপি ক্ষমতায় এলে গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। এনসিপি সরকার ক্ষমতায় এলে পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে এবং লুটপাটকারীদের সম্পদ ‘পাবলিক ট্রাস্ট’-এর অধীনে আনা হবে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের পররাষ্ট্রনীতি অযৌক্তিকভাবে ভারতের ওপর নির্ভরশীল করা হয়েছে। বিএসএফ সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা করেছে, অথচ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে সাফাই গেয়ে দেশকে আন্তর্জাতিক পরিসরে দুর্বল অবস্থায় ফেলে দিয়েছেন। তিনি বলেন, এনসিপি ক্ষমতায় এলে আত্মমর্যাদাপূর্ণ, স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে, সার্ক পুনর্জীবন, আসিয়ানে যোগদান এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে।

সশস্ত্র বাহিনী, সেনা সক্ষমতা, বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার, খাদ্য নিরাপত্তা, ধর্মীয় সংখ্যালঘু ও নারীর অধিকার, স্বাস্থ্য ও শিক্ষাখাত—সবক্ষেত্রেই সংস্কার ও উন্নয়ন আনার প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া হবে এবং কৃষকদের ন্যায্য মূল্য ও সহজ কৃষিঋণ দেওয়া হবে।

নাহিদ ইসলাম আশা প্রকাশ করেছেন, এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ভোট প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে সমান সুযোগ, শোষণমুক্ত ও স্বচ্ছ প্রশাসন ফিরিয়ে আনা সম্ভব হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top