বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস:তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৯
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে বা বাস্তবায়নযোগ্য নয়। মানুষের পক্ষে সম্ভব এমন প্রতিশ্রুতিই দিচ্ছি।”
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে সরকারের সহযোগিতা নিশ্চিত করা হবে।
তারেক রহমান বলেন, “বাংলাদেশের প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এখানে ভাষা শিক্ষা ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজ উদ্যোগে ব্যবসা করতে পারবে বা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। যারা বিদেশে চাকরি নেবে, তাদের জমি বিক্রি করতে না হয়, সেই জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।”
তিনি কৃষি ও স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরেন। বিএনপি সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে। এছাড়া ঢাকা-১৫ এলাকায় নতুন হাসপাতাল স্থাপন এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরু করা হবে।
নারী ক্ষমতায়নের প্রসঙ্গেও তিনি বলেন, “দেশের জনসংখ্যার অর্ধেক নারী। দেশনেত্রী খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য বিনামূল্যে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সুযোগ নিশ্চিত করেছেন।”
এছাড়া তারেক রহমান শোকস্মৃতিতে ভাষণ দিয়ে বলেন, “জুলাই আন্দোলনে যারা আহত বা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।