গোপালগঞ্জে ভোট কেন্দ্রে শুনশান নীরবতা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭
সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চললেও গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা গেছে ভিন্ন চিত্র। বিবিসির ঘুরে দেখা কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে কম।
আগেই ধারণা করা হচ্ছিল, গোপালগঞ্জের পরিস্থিতি অন্যান্য জেলার তুলনায় ভিন্ন হতে পারে। সকাল ৯টা পর্যন্ত সেই আশঙ্কারই প্রতিফলন দেখা গেছে। অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল প্রায় শূন্যের কাছাকাছি। বেশ কয়েকটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট চোখে পড়েনি।
গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়ার ডিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে বিবিসি জানিয়েছে, প্রিজাইডিং কর্মকর্তারা সকাল ৭টার আগেই কেন্দ্রে উপস্থিত হলেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৪০ জন, যার মধ্যে নারী ভোটার ১ হাজার ২৪০ জন।
গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার প্রায় তিন লাখ। আর গোপালগঞ্জ-১, ২ ও ৩—এই তিনটি আসন মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ১০ লাখ। জেলা হিসেবে গোপালগঞ্জ ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।
গোপালগঞ্জ-৩ আসন থেকে দীর্ঘদিন ধরে নির্বাচন করে আসছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ যতবার নির্বাচনে অংশ নিয়েছে, ততবারই এ আসনে তারা বিপুল ভোটে জয়লাভ করেছে। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটি অংশ নিতে পারেনি। ফলে ভোটারদের মধ্যে এক ধরনের অনাগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।