বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২

সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে নির্বাচনের উত্তপ্ত মুহূর্তে ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ব্যাগভর্তি বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের নিকট থেকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০)। তিনি নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। প্রশাসনিক সূত্র জানায়, তার সঙ্গে থাকা ব্যাগে অন্তত ৫০ লাখ টাকার নগদ অর্থ পাওয়া গেছে।

ঘটনার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে কাজল মৃধাকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করে নানা প্রশ্ন ও অভিযোগ উঠতে শুরু করে। ভোটকেন্দ্রের এত কাছ থেকে রাতের বেলায় বিপুল নগদ টাকা উদ্ধারের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে।

তবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাদের ভাষ্য, ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নেবে না। অন্যদিকে আটক কাজল মৃধা দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা তার ব্যক্তিগত প্রয়োজনে বহন করা হচ্ছিল। তবে টাকা কেন বহন করছিলেন, কোথা থেকে এসেছে এবং ভোটকেন্দ্রের কাছাকাছি অবস্থানের কারণ—এসব বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এখনো পর্যন্ত আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়নি। কোস্টগার্ড প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে।”

নির্বাচনের ঠিক আগমুহূর্তে ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় এত বিপুল নগদ অর্থ উদ্ধারের ঘটনা ভোট ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অর্থ ভোট প্রভাবিত করা, ভোটার প্রলুব্ধকরণ বা সংঘাত উসকে দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে টাকার উৎস ও উদ্দেশ্য প্রকাশ করার দাবি জানিয়ে বলেছেন, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে নির্বাচনী পরিবেশ আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এ ঘটনায় কোস্টগার্ড ও প্রশাসনের পদক্ষেপ প্রশংসিত হলেও প্রশ্ন উঠেছে, এত বড় অঙ্কের টাকা কীভাবে নজরদারির বাইরে থেকে ভোটকেন্দ্রের কাছে পৌঁছল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top