সরকার গঠনের ব্যাপারে আশাবাদী আমরা:জামায়াত আমির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৯
বহু বছর পর দেশবাসী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে যে সরকার গঠিত হবে, তা হবে ১৮ কোটি মানুষের সরকার। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক, তার দল তা মেনে নেবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মনিপুর বয়েজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও নিরপেক্ষ হলে জনগণের রায়কে সম্মান জানানো হবে। ছোটখাটো বিষয়ে ছাড় দিলেও বড় ইস্যুতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি। এবারের ভোটে যে সরকার গঠিত হবে, তা ১৮ কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।”
ভোটগ্রহণের পর তিনি ঢাকা-১৫ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের আমির ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের দৃশ্য দেখা যায়।
দুপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এক নারী কর্মীকে বিএনপির কর্মী দ্বারা হেনস্থার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রেক্ষিতে সেখানে যান ডা. শফিকুর রহমান। তিনি সেনাবাহিনীর সদস্যদের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সেনাবাহিনী পক্ষ থেকে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটার আশ্বাস দেওয়া হয়।
এছাড়া দক্ষিণ কাফরুল উচ্চ বিদ্যালয়, কুমিল্লা ও খুলনাসহ বিভিন্ন স্থানে কেন্দ্র দখল ও শারীরিক হেনস্থার অভিযোগও উত্থাপন করেছে দলটি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।