রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

শেরপুর-১ আসনে ভোটে অনিয়মের অভিযোগ বিএনপি প্রার্থীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৯

সংগৃহীত

শেরপুর-১ (সদর) আসনে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেছেন পরাজিত বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে এ দাবি তুলে ধরেন।

অভিযোগে প্রিয়াংকা বলেন, তার সম্মান ক্ষুণ্ন করা হয়েছে এবং ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, “গোয়েন্দা টিম ও ডিজিএফআই পাঠিয়ে দেখুন কীভাবে আমার ভোটারদের ভয় দেখানো হয়েছে।”

তিনি আরও বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ছিল না। জেলা প্রশাসকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি বা কেটে দিয়েছেন। ইউএনওকে বললে স্ট্রাইকিং ফোর্স পাঠানো হলেও ১০–১৫ মিনিটের মধ্যে চলে গেলে প্রতিপক্ষ পুনরায় একই কার্যক্রম চালায়।

প্রিয়াংকা দাবি করেন, তার ফোনে ভোটারদের জখম হওয়ার ভিডিও রেকর্ড রয়েছে, যা তিনি দেখাতে পারবেন। তিনি উল্লেখ করেন, তিনি শেরপুরে ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে দুইবার নির্বাচন করেছেন; প্রথমবার ২০১৮ সালে, তখন তার বয়স ২৫ এবং তার বাবা জেলে ছিলেন।

তিনি বলেন, সার্ভে করলে দেখা যাবে তিনি অত্যন্ত জনপ্রিয়, এবং প্রশাসন ব্যবহার করে ভোট ইঞ্জিনিয়ারিং করা ঠিক নয়। ২০১৮ সালের নির্বাচনের সময়ও একই অবস্থা ছিল; তার গাড়িবহরে হামলা করা হয়েছিল এবং তার মা ও ভাই আহত হন।

ভোট ইঞ্জিনিয়ারিং প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, “৫ আগস্টের পরে আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে কোনো প্রার্থী পুলিশ ও প্রশাসন ব্যবহার করে ভোট ইঞ্জিনিয়ারিং করবে। এই বিষয়ে আমি অবশ্যই আদালতে যাব।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top