শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

‘ভয়ের সংস্কৃতি ফিরলে ঐক্যবদ্ধ প্রতিরোধ’—জামায়াত আমিরের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১৮:২৩

সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আর ভয়ের সংস্কৃতি ফিরে আসুক তা কেউ চায় না। তবে কেউ যদি এমন পরিবেশ তৈরি করতে চায়, তাহলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে।

শনিবার (২১ মার্চ) বিকেলে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণ মানুষ এখন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায় এবং ভয়ভীতিমুক্ত সমাজ প্রত্যাশা করে। তাই কোনোভাবেই সেই পুরোনো ভয়ের সংস্কৃতি ফিরে আসতে দেওয়া হবে না।

এ সময় বিশ্ব পরিস্থিতির দিকেও ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, যুদ্ধ-বিগ্রহ ও সহিংসতামুক্ত একটি মানবিক পৃথিবী গড়ে তোলাই সবার কাম্য।

এর আগে সকালে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। তিনি প্রশ্ন তোলেন, ভোট গ্রহণ বৈধ হলে গণভোট কেন গ্রহণযোগ্য হবে না। বিষয়টি সংসদে সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে দাবি আদায়ের কথাও উল্লেখ করেন।

এছাড়া ঈদযাত্রা নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, ঘরমুখো মানুষের যাতায়াতে নানা ভোগান্তি হয়েছে, বিশেষ করে বাসভাড়া নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। এ ক্ষেত্রে সরকারের আরও কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top