শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

১৯ বছর পর দেশে ঈদ উদযাপন, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১৮:২২

সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আল্লাহর রহমত এবং দেশবাসীর দোয়ায় তিনি ও তার পরিবার এবার দেশের মানুষের সঙ্গে ঈদ পালন করার সুযোগ পেয়েছেন।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘যমুনা’-য় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘদিন পর দেশের মাটিতে ঈদ করতে পারছি—এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।” তিনি দেশবাসীর ভালোবাসা ও সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। এ লক্ষ্যে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন দেশের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সবাই একসঙ্গে কাজ করতে পারে। পাশাপাশি তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

সবশেষে দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top