ঈদের নামাজের পর ভাঙ্গায় সংঘর্ষ, আহত অন্তত ১০
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১৮:২১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঈদের নামাজ আদায়ের পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে জড়িতরা ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগে গত ১৯ মার্চ গভীর রাতে একই কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে অন্তত ১২ জন আহত হন। সেই ঘটনার জের ধরেই ঈদের দিন আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় নজরদারি জোরদার করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।