রাষ্ট্রপতির অভিশংসন দাবি, নয়ছয় হলে আন্দোলনের হুঁশিয়ারি পাটওয়ারীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ১৮:২৪
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর অভিশংসনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এ বিষয়ে সরকার গড়িমসি করলে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা।
শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং বলেন, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, যার প্রতিফলন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে।
বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ-এর সাম্প্রতিক বক্তব্য নিয়েও সমালোচনা করেন তিনি। পাটওয়ারীর দাবি, অতীত রাজনৈতিক ঘটনাপ্রবাহে বিএনপির কিছু সিদ্ধান্তের কারণে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।
এছাড়া পূর্বের আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, অনেক শহীদের অনুপস্থিতিতে এবারের ঈদ উদযাপিত হচ্ছে। তিনি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং আহতদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সবশেষে, ঢাকা-৮ আসনের ভোটারসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।