বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি! চমকপ্রদ গুঞ্জনে সরগরম ফুটবল বিশ্ব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩

তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তুরস্কের শীর্ষ ক্লাব গালাতাসারাইয়ের হয়ে স্বল্পমেয়াদি চুক্তিতে খেলার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। তবে এই সম্ভাব্য দলবদলের সঙ্গে জুড়ে রয়েছে এক ব্যতিক্রমী শর্ত—তিনি কেবল ঘরের মাঠের ম্যাচেই খেলবেন, কোনো অ্যাওয়ে ম্যাচে অংশ নেবেন না।

তুরস্কের খ্যাতনামা ফুটবল বিশ্লেষক লেভেন্ট তুজেমানের দাবি, গালাতাসারাই ও মেসির মধ্যে প্রাথমিক আলোচনা ইতোমধ্যেই হয়েছে। তার ভাষ্যমতে, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে ফিট রাখতেই ইউরোপে স্বল্প সময়ের জন্য ফিরতে আগ্রহী মেসি। সম্ভাব্য চুক্তি অনুযায়ী চার মাসে মোট ১২টি ম্যাচ খেলবেন তিনি, আর সবগুলোই হবে ইস্তাম্বুলের র‍্যামস পার্কে।

তুজেমান জানান, যুক্তরাষ্ট্রের এমএলএস লিগের খেলার গতি ও শারীরিক চাপ নিয়ে মেসির কিছু উদ্বেগ রয়েছে। চোট এড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই নামতে চান তিনি। এ কারণেই নাকি কেবল হোম ম্যাচ খেলার শর্ত দিয়েছেন এই আটবারের ব্যালন ডি’অর জয়ী।

সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল থেকেও প্রস্তাব পেলেও তা নাকচ করেছেন মেসি—এমন দাবিও করেন তুজেমান। তার মতে, মেসি তুরস্কে এলে বিমানবন্দরে লাখো ভক্তের ঢল নামবে।

এদিকে গালাতাসারাই তুর্কি কাপের ফাইনালে উঠলে সেই ম্যাচেও মেসির খেলার সম্ভাবনা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির ঘোষণা আসেনি, তবুও সম্ভাব্য এই ট্রান্সফার নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

উল্লেখ্য, লিওনেল মেসি এখনো ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করেননি। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির আহ্বানে সাড়া দিয়ে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন তিনি। বিশ্বকাপে খেললে তার আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে—যা হবে আরেকটি অনন্য মাইলফলক।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top