বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০

সংগৃহীত

তাইওয়ানকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ হিসেবে অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এই বার্তা দেন। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফোনালাপে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ানে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ‘সাবধান’ হতে হবে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।

শি জিনপিং বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে ‘বিশেষ গুরুত্ব’ দেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বেইজিং ও ওয়াশিংটন পারস্পরিক মতপার্থক্য নিরসনে সমাধানের পথ খুঁজে পাবে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ফোনালাপকে ‘অসাধারণ’ বলে আখ্যা দিয়েছেন। তিনি জানান, শি জিনপিংয়ের সঙ্গে তার ‘দীর্ঘ ও বিস্তৃত’ আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, আগামী এপ্রিলে চীন সফরের পরিকল্পনা রয়েছে এবং তিনি সেই সফরের দিকে ‘আগ্রহভরে তাকিয়ে আছেন’।

ফোনালাপের পর ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে চীন প্রায় ২ কোটি টন সয়াবিন কেনার বিষয়টি বিবেচনা করছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “চীনের সঙ্গে সম্পর্ক এবং প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক এখন খুবই ভালো। এই সম্পর্ক বজায় রাখা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা দুজনেই বুঝি।”

এদিকে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তাইওয়ানে অস্ত্র বিক্রির বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকতে শি জিনপিং স্পষ্ট বার্তা দিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন গত ডিসেম্বরে তাইওয়ানের কাছে অত্যাধুনিক রকেট লঞ্চার, স্বচালিত কামান ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রসহ প্রায় এক হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top