বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

৮ ফেব্রুয়ারি ঢাকায় নির্বাচনি সমাবেশ করবে বিএনপি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৭

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় একটি বড় নির্বাচনি জনসমাবেশ আয়োজন করতে যাচ্ছে বিএনপি। আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) দুপুর ২টায় নয়াপল্টনে অনুষ্ঠিত হবে এই সমাবেশ, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থেকে বক্তৃতা দেবেন। দলের নেতাকর্মীরা ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে এই সমাবেশে অংশ নেবেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। এই ইশতেহারে দলটির নির্বাচনী নীতি, কর্মসূচি এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হবে।

রিজভী আরও বলেন, "দেশ ও গণতন্ত্রের স্বার্থে এবারের নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের মাধ্যমে বিএনপির অগ্রযাত্রা থামানো সম্ভব নয়।"

এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাসাস-এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top