আফগানিস্তানে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু পাকিস্তানের, নিহত ১৩৩
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:১৫
পাক-আফগান সীমান্তে আফগান বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। অভিযানে বিমান ও স্থলবাহিনী একযোগে অংশ নিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুই শতাধিক। এছাড়া আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।
তিনি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করে পাকিস্তানের বিমান বাহিনী ও স্থলবাহিনী। অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের দাবি, তাদের জোরালো হামলায় আফগান তালেবানের বিভিন্ন আস্তানা ধ্বংস হয়েছে এবং তারা পিছু হটতে বাধ্য হয়েছে। চিত্রল সেক্টরে আফগান বাহিনীর একটি চেকপোস্ট সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের ভাষ্যমতে, এর আগে আফগান বাহিনী সীমান্তের বিভিন্ন স্থানে গোলাগুলি চালায়। তারই জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।