ইসরায়েলের হামলায় আলি লারিজানি নিহত, নিশ্চিত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৯:১৭
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালানো হয়। হামলার পরপরই ইসরায়েলের পক্ষ থেকে মৃত্যুর দাবি করা হলেও প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টার দিকে ইরান তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে লারিজানির মৃত্যুর খবর স্বীকার করে। এতে বলা হয়, ইরান ও ইসলামি বিপ্লবের অগ্রগতির জন্য সারাজীবন সংগ্রামের পর তিনি শহীদত্ব লাভ করেছেন।
লারিজানি পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তাকে তেহরানে আল-কুদস দিবসের সমাবেশে দেখা যায়।
ইসরায়েলের কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে একে ইরানের শাসনব্যবস্থার সক্ষমতা দুর্বল করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ধাপে ধাপে ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সুযোগ দেওয়া হবে।
ইরানের বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় আজীবন সংগ্রামের পর আলি লারিজানি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছেন। দেশ ও জাতির জন্য আত্মত্যাগের মাধ্যমে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন।
এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর কার্যত সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন লারিজানি এবং তার নেতৃত্বেই ইরান যুদ্ধ পরিচালনা করছিল। জানা যায়, খামেনি মৃত্যুর আগে লারিজানিকেই পরবর্তী দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে গিয়েছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।