ভারতের ছত্রিশগড় রাজ্যের শক্তি জেলায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। মঙ্গলবার দুপুরে সিংহিতারাই গ্রামের বেদান্ত লিমিটেড পরিচালিত বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি বয়লার টিউবে হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই চারজন শ্রমিক প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া আরও সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর আশঙ্কা করা হচ্ছে, বিস্ফোরণের সময় বয়লার কক্ষে আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে।
এদিকে ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান দাবি করেছে, বিস্ফোরিত ইউনিটটি তাদের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না। তাদের বক্তব্য অনুযায়ী, ইউনিটটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান। তবে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।