চীনা মুদ্রায় ইরান থেকে তেল কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২০

সংগৃহীত

ভারত ইরান থেকে জ্বালানি তেল আমদানির মূল্য চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে বলে জানিয়েছে ওয়াকিবহাল সূত্র। এ লেনদেন পরিচালিত হচ্ছে ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে। বিষয়টি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

সূত্র অনুযায়ী, ইরান ও রাশিয়ার জ্বালানি তেল বিক্রিতে ৩০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও জ্বালানি বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটেই ভারতের ইরানি তেল আমদানি ও বিকল্প মুদ্রায় পরিশোধের বিষয়টি সামনে আসে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের শুরুতে ভারতের বৃহৎ রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় ২০ কোটি ডলার সমমানের প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করে। অন্যদিকে, ভারতীয় আরেক প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইতোমধ্যে ইরানি তেল বহনকারী চারটি জাহাজ থেকে তেল খালাস করেছে বলে জানা গেছে।

সূত্র বলছে, উভয় প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে ইরানের তেলের মূল্য পরিশোধ করেছে। ব্যাংকটি চীনের সাংহাই শাখার মাধ্যমে বিক্রেতাদের অর্থ পরিশোধ সম্পন্ন করছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের লেনদেন আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে ডলার নির্ভরতার বাইরে বিকল্প মুদ্রা ব্যবহারের প্রবণতা আরও বাড়াতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top