“আমরা যুদ্ধ করছি না, নিজেদের রক্ষা করছি”
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫
ইরান কারও বিরুদ্ধে যুদ্ধ করছে না, বরং নিজেদের আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে—এমন মন্তব্য করেছেন আলি বাহরাইনি।
জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, বরং দেশটি প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে—“আপনারা কতদিন যুদ্ধ চালিয়ে যাবেন?”—বাহরাইনি বলেন, এই প্রশ্নটি যুক্তরাষ্ট্রের কাছে করা উচিত, কারণ তারাই যুদ্ধ শুরু করেছে। তিনি বলেন, “আমরা যুদ্ধ করছি না, আমরা আমাদের দেশকে রক্ষা করছি এবং এই প্রতিরক্ষার কোনো নির্দিষ্ট শেষ নেই।”
তিনি আরও জানান, যতক্ষণ না যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে এবং ভবিষ্যতে আর কোনো সংঘাত হবে না—তার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ইরান তার প্রতিরক্ষা অব্যাহত রাখবে।
ইরান-এর সামরিক বাহিনী ও জনগণ যুদ্ধবিরতির আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রেখেছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, প্রতিরক্ষার সক্ষমতায় কোনো দুর্বলতা দেখা যায়নি।
হরমুজ প্রণালীতে জাহাজ আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই জলপথটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি অনুযায়ী, কিছু শক্তি এই পথ ব্যবহার করে সামরিক ঘাঁটি শক্তিশালী করছে ও “অবৈধ উদ্দেশ্য” বাস্তবায়ন করছে। তাই ইরানের নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে।
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।