বিজয়কে সমর্থন দিল কংগ্রেস, কেমন হবে ক্ষমতার ভাগাভাগি?
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৯:৫০
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় থালাপাতির বড় জয়ের পর তার দলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এতে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে এবং ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা জোরদার হয়েছে।
কংগ্রেসের এক সাংসদ বিষয়টি নিশ্চিত করে জানান, দলটির রাজনৈতিক বিষয়ক কমিটি বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজাগামকে সরকার গঠনে সমর্থন দেওয়ার অনুমোদন দিয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই বিজয়ের দলকে সমর্থনের পক্ষে ছিলেন। তবে দলের সভাপতি চেয়েছিলেন, এ সিদ্ধান্ত স্থানীয় নেতৃত্বই নিক। পরে গভীর রাতে ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
ক্ষমতা ভাগাভাগির আলোচনায় কংগ্রেস বিজয়ের সরকারে দুটি মন্ত্রীর পদ প্রত্যাশা করছে বলেও জানা গেছে। এ লক্ষ্যে কংগ্রেসের কয়েকজন নেতা বিজয়ের দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
তবে সমর্থনের ক্ষেত্রে কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে- বিজয়ের দল কোনোভাবেই জাতীয় গণতান্ত্রিক জোট বা আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামসহ তাদের মিত্রদের সঙ্গে জোট করতে পারবে না।
খুব শিগগিরই রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক সমর্থনপত্র জমা দেওয়া হতে পারে, যা বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ সহজ করবে।
এদিকে, কংগ্রেসের এ সিদ্ধান্তকে বড় ধরনের রাজনৈতিক ভাঙনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের কংগ্রেস-ডিএমকে জোট কার্যত ভেঙে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ডিএমকের এক মুখপাত্র কংগ্রেসের এ পদক্ষেপকে ‘বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়ে বলেছেন, তাদের সমর্থন ছাড়া কংগ্রেস এতগুলো আসন পেত না।
তামিলনাড়ুর ২৩৪ সদস্যের বিধানসভায় বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন, যা সংখ্যাগরিষ্ঠতার থেকে কিছুটা কম ছিল। তবে কংগ্রেসের সমর্থন পাওয়ায় তারা এখন স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। পাশাপাশি অন্যান্য কয়েকটি ছোট দলের সমর্থনের ওপরও নির্ভর করছে দলটি।
সরকার গঠনের জন্য বিজয়কে আনুষ্ঠানিকভাবে দাবি জানাতে হবে। এরপরই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন।
নির্বাচনের পর এক বার্তায় বিজয় তার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দল আজকের অবস্থানে পৌঁছেছে। সমালোচনা ও বাধা উপেক্ষা করে জনগণের ভরসাতেই তারা এগিয়ে গেছেন বলেও উল্লেখ করেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।