দুই দশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৮:৪৭
দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইউরোপ সেরার আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা। প্রথম লেগ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় লেগে জয়ের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করে মিকেল আরতেতার দল।
ম্যাচের শুরু থেকেই রক্ষণভাগ শক্ত করে খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে শুরুতে বেশ বেগ পেতে হয় স্বাগতিকদের। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে সেই রক্ষণ ভাঙতে সক্ষম হয় আর্সেনাল। ৪৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের নেওয়া শট প্রতিহত করেন গোলরক্ষক ইয়ান ওব্লাক। কিন্তু বল পুরোপুরি সরাতে না পারায় রিবাউন্ডে সহজেই জালে পাঠান সাকা।
পুরো মৌসুমজুড়েই দেশীয় লিগ ও ইউরোপের মঞ্চে আলোচনায় ছিল আর্সেনাল। ঘরোয়া শিরোপার লড়াইয়ের পাশাপাশি ইউরোপ সেরা হওয়ার স্বপ্নও ছিল তাদের সামনে। সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল দলটি।
উল্লেখ্য, ২০০৬ সালের ১৭ মে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে শেষবারের মতো ফাইনাল খেলেছিল আর্সেনাল। দীর্ঘ ২০ বছর পর আবারও ফাইনালে উঠল তারা।
আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে জার্মানির বায়ার্ন মিউনিখ অথবা ফ্রান্সের পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল। এখন দেখার বিষয়- দুই দশকের অপেক্ষার পর শিরোপা জিততে পারে কি না উত্তর লন্ডনের এই ক্লাব।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।