বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ঢাবির মুহসীন হলে ছাত্রদল-হল সংসদ মুখোমুখি, ব্যানার নিয়ে উত্তেজনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৯:০৬

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে হল সংসদ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হলের প্রধান ফটকে টানানো একটি ব্যানার অপসারণ করতে যান হল ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় হল সংসদের সদস্যরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কথা কাটাকাটির পাশাপাশি ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

জানা যায়, শাহবাগ থানায় মারধরের একটি ঘটনার জেরে হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুলহাস আহত হন। ওই ঘটনায় হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিন হোসেনকে দায়ী করে সোমবার তার ছবি সংবলিত একটি ব্যানার হলের ফটকে টানানো হয়।

পরবর্তীতে ব্যানারটি সরিয়ে ফেলে ছাত্রদল। এরপর মঙ্গলবার আবারও একই ধরনের ব্যানার টানালে সেটি ছিঁড়ে ফেলে ছাত্রদল। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃতীয়বারের মতো ব্যানার টানানোর পরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে।

হল সংসদের সহসভাপতি সাদিক শিকদার বলেন, তাদের এক নেতার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ব্যানার টানানো হয়েছিল। সেটি ছিঁড়ে ফেলা হয় এবং পুনরায় ব্যানার টানাতে গেলে বাধা দেওয়া হয়। এ সময় তাদের এক সদস্য সালমান আহত হন। বিষয়টি পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

অন্যদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন দাবি করেন, তাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বারবার ব্যানার টানানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং এ কারণেই পরিস্থিতির অবনতি হয়েছে।

এদিকে প্রায় এক ঘণ্টা ধরে উত্তেজনা চললেও হল প্রাধ্যক্ষ সিরাজুল ইসলামকে হলে পাওয়া যায়নি। তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top