বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

সমাবর্তনে লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৮:৫২

ছবি: সংগৃহীত

নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে।

৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আনুষ্ঠানিক চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করে। এতে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। কনস্যুলেটের প্রতিনিধি সমাবর্তনে অংশ নিয়ে এই সম্মাননা গ্রহণ করবেন।

এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা ৬ মে দুপুর ২টায় টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন। একই সঙ্গে নিখোঁজ হওয়া নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রে রাসায়নিক প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছিলেন।

গত ১৬ এপ্রিল তারা দুজনই নিখোঁজ হন। পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেলে পরিবারের সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতু এলাকায় আবর্জনার ব্যাগ থেকে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় শেরিফের কার্যালয় জানায়।

এই ঘটনায় আবুঘরবেহর বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার দুইটি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top