যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ০৯:৩৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় আয়োজিত জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
জানাজা শেষে বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সংস্থা আজ বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠাবে।
জানা গেছে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। মরদেহ পাঠানোর সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। এর আগে গত ৪ মে জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। প্রধান উপদেষ্টা তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ জামিলের পরিবারের কাছে হস্তান্তর করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।