বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ভোটগণনায় অনিয়মের অভিযোগ মমতার, নির্বাচন কমিশনের কঠোর জবাব

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১১:৫৩

ছবি: সংগৃহীত

 

পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ভোটগণনায় বড় ধরনের অনিয়ম হয়েছে এবং নির্বাচন কমিশনের সহযোগিতায় প্রতিপক্ষ দল অন্তত শতাধিক আসন ‘ছিনিয়ে নিয়েছে’।

তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল। তিনি স্পষ্ট করে জানান, ভোটগণনার পুরো প্রক্রিয়া ছিল স্বচ্ছ, নিয়মতান্ত্রিক এবং কঠোর নজরদারির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মনোজ কুমার আগরওয়াল আরও বলেন, গণনায় অনিয়মের যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। কলকাতার দক্ষিণ জেলার জেলা নির্বাচন কর্মকর্তার দেওয়া রিপোর্টেও এমন কোনো অনিয়মের প্রমাণ মেলেনি।

তিনি জানান, গণনাকেন্দ্রে সিসিটিভি বন্ধ থাকা কিংবা ধাক্কাধাক্কির মাধ্যমে কাউকে বের করে দেওয়ার মতো যে অভিযোগগুলো করা হয়েছে, সেগুলোও বাস্তব নয় এবং তা ব্যক্তিগত অনুমানের ভিত্তিতে বলা হয়েছে।

এর আগে ভোটের ফলাফলে নিজের ভবানীপুর আসনে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজয়ের পর গণনাকেন্দ্র ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায় গণনায় কারচুপির অভিযোগ তোলেন।

এ নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে, যদিও নির্বাচন কমিশন তাদের অবস্থানে অনড় রয়েছে যে পুরো নির্বাচন ও ভোটগণনা প্রক্রিয়া ছিল সম্পূর্ণ সুষ্ঠু।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top