বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

ফেনীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এমপি প্রার্থীর অনশন

মিজানুর রহমান | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১৪

ফেনীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এমপি প্রার্থীর অনশন । ছবি: নিউজ ফ্ল্যাশ

ফেনী-২ আসনে সমতল প্রতিযোগিতার পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) না থাকা, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ ও হয়রানির অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী তারেকুল ইসলাম ভূঁইয়া। তিনি ‘জনতার অধিকার পরিষদ’ নামে একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানও।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মূল ফটকের সামনে অনশনে বসেন তিনি।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে চার–পাঁচজন কর্মীকে সঙ্গে নিয়ে প্লাকার্ড হাতে কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন তারেকুল ইসলাম ভূঁইয়া। এ সময় মূল ফটক দিয়ে গাড়ি প্রবেশে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলে দপ্তরের কর্মকর্তারা হেঁটে ভেতরে প্রবেশ করেন। পরে বেলা সোয়া ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা ঘটনাস্থলে এসে তার দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলে তিনি মূল ফটক ছেড়ে পাশের স্থানে অবস্থান নেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তাকে সেখানেই অবস্থান করতে দেখা যায়।

তারেকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করে বলেন, ফেনী-২ আসনে নির্বাচনী আচরণবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এবং প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন তাকে হুমকি ও ধমক দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিলবোর্ড ও রঙিন প্রচারণায় একতরফা সুযোগ দেওয়া হচ্ছে, ফলে লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো আলামত দেখা যাচ্ছে না। আট ঘণ্টার মধ্যে সদরের এসিল্যান্ডকে প্রত্যাহার না করলে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, একজন এমপি প্রার্থী তার কার্যালয়ের সামনে অনশনে বসেছেন—এ তথ্য জানার পর তিনি অতিরিক্ত জেলা প্রশাসকদের বিষয়টি খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা জানান, প্রার্থীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং নির্বাচনী মাঠে এ পর্যন্ত যেসব অভিযোগ এসেছে, সেগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top